প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ৯:২৪ AM

ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া আন্তঃনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন জয়পুরহাটের আক্কেলপুরে লাইনচ্যুত হয়েছে। রোববার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার ভদ্রকালী চকরঘুনাথ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, হলহলিয়া রেল ব্রিজের পূর্ব পাশে রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় ট্রেনটি প্রায় ১ কিলোমিটার দূরে গিয়ে লাইনচ্যুত হয়ে পড়ে।
দুর্ঘটনার সময় ট্রেনে থাকা যাত্রীরা চিৎকার শুরু করলে চারপাশের মানুষ ছুটে আসেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তাসিম বিল্লাহ, এক যাত্রী জানান, সান্তাহার স্টেশন ছাড়ার পর ট্রেনের ভেতর ধোঁয়া ঢুকে যায়। তারপর হঠাৎ বিকট শব্দ হয় ও ট্রেন থেমে যায়। সবাই ভয় পেয়ে যায়, তবে বড় ক্ষতি হয়নি।
দুর্ঘটনার পর থেকেই ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন হাজারো যাত্রী।
আক্কেলপুর স্টেশনের স্টেশনমাস্টার হাসিবুল হাসান জানান, সান্তাহার থেকে ছেড়ে এসে ট্রেনটি ভদ্রকালী এলাকায় লাইনচ্যুত হয়। পার্বতীপুর থেকে উদ্ধারকারী দল এসে উদ্ধার কাজ শুরু করেছে।
সান্তাহার স্টেশনমাস্টার খাতিজা খাতুন এবং রেলওয়ে ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান হাবিব জানান, উদ্ধারকারী রিলিফ ট্রেন ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে এবং দ্রুত রেল যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর যাত্রীরা অভিযোগ করেন, রেললাইনের নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাব এবং অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।
স্বদেশ প্রতিদিন/এমএম