প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৭ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ৩:৫৫ এএম

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা জামায়াতের আমির মো. সিরাজুল ইসলামকে পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) সংলগ্ন এলাকায় ছাত্র ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনার প্রেক্ষিতে বিতর্কিত মন্তব্য করার দায়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক অধ্যাপক ফজলুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি এক মতবিনিময় সভায় মো. সিরাজুল ইসলাম বলেন, “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমাদের পৈতৃক সম্পত্তির উপর প্রতিষ্ঠিত। আমরা জমিদার, জমিদারের উপর কেউ হস্তক্ষেপ করবে এটা আমরা মেনে নেবো না।”
বক্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়। চবি কর্তৃপক্ষও তার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) জারি করেছে।
সংগঠনের বিজ্ঞপ্তিতে বলা হয়, সিরাজুল ইসলামের এ বক্তব্য সংগঠনের নীতির পরিপন্থি এবং এতে জামায়াতের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগঠন মনে করে, এটি সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত মতামত, যা জামায়াত সমর্থন করে না। এ কারণে জরুরি জেলা কর্মপরিষদ সভায় তাকে হাটহাজারী উপজেলা আমিরের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা আমির মো. আলাউদ্দিন সিকদার।
প্রসঙ্গত, মো. সিরাজুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার হিসেবে কর্মরত এবং চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী হিসেবেও তার নাম ঘোষণা করা হয়েছিল।
জামায়াত বিজ্ঞপ্তিতে আরও জানায়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও পার্শ্ববর্তী জোবরা গ্রাম পরস্পরের পরিপূরক। অতীতের সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ভবিষ্যতেও বজায় রাখার প্রত্যাশা জানায় দলটি। সংঘর্ষে ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং ভবিষ্যতে যেন কেউ এ ঘটনাকে ইস্যু করে আরও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে, সে জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সক্রিয় ভূমিকা কামনা করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে