প্রকাশ: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫, ২:৩৯ AM আপডেট: ০৮.০৯.২০২৫ ২:৪৬ এএম

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন,“আওয়ামীলীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায়, ততটা আর কোনো দল চায় না। কারণ, বাংলাদেশে সংস্কার এবং বিচারের কথা সর্বপ্রথম বলেছে বিএনপি। এ দেশে যত নির্যাতন, জুলুম, অত্যাচার হয়েছে, তার বড় অংশই বিএনপির নেতাকর্মীদের ওপর হয়েছে।”
রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রুমিন ফারহানা বলেন, “কোনো কোনো দল আবদার করছে, পি-আর ছাড়া তারা নির্বাচনে যাবে না। তারা বুঝে গেছে, ভোটে দাঁড়ালে ১০ আসনও পাবে না। তাই তারা নির্বাচন বানচাল করতে চায়। কিন্তু বিএনপি বিশ্বাস করে, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হলে ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় ঠেকানো যাবে না।”
তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ কখনো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ফিরিয়ে দেয়নি, তারেক রহমানকেও দেয়নি, বিএনপির নেতাকর্মীকেও দেয়নি। ২০২৬ সালের নির্বাচনে গণজোয়ার সৃষ্টি হবে।”
মিথ্যা মামলা ও দমন-পীড়নের প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের চেয়ারপারসন, তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীর বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। আমার বিরুদ্ধেও ১০টি মামলা, যার মধ্যে খুনের মামলা ৩টি। তবুও আমরা দল ও আদর্শ থেকে একদিনের জন্যও বিচ্যুত হইনি।”
শরীফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বদেশ প্রতিদিন/কেআইকে