প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:১০ পিএম

সংগৃহীত ছবি
বগুড়া শহরের দত্তবাড়ী এলাকার শতাব্দী ফিলিং স্টেশনের অফিস কক্ষ থেকে ইকবাল হোসেন (২৫) নামে এক কর্মচারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ইকবাল ওই ফিলিং স্টেশনে ক্যাশিয়ার হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জ সদরের পিপুলবাড়িয়া গ্রামে।
এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হাসান বাসির।
জানা যায়, শনিবার রাতের শিফটে ইকবাল ও বিক্রয় সহকারী রতন দায়িত্বে ছিলেন। সকালে আরেক কর্মচারী কাজে এসে অফিসকক্ষের মেঝেতে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে।
তবে, ঘটনার পর থেকে সেলসম্যান রতনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তাকে গ্রেপ্তার করা গেলে হত্যার মূল রহস্য উদ্ঘাটন সহজ হবে বলে ধারণা করছে পুলিশ।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হোসাইন মুহাম্মদ রায়হান জানান, হত্যার কারণ হিসেবে প্রাথমিকভাবে ব্যক্তিগত শত্রুতা কিংবা অর্থ লুটের বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। একজন কর্মচারী নিখোঁজ রয়েছেন। তাকে খুঁজে পাওয়া গেলে হত্যার ক্লু মিলবে। তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।
এদিকে, সিআইডির ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে ইতিমধ্যেই আলামত সংগ্রহ করেছে।
স্বদেশ প্রতিদিন/শাহো