আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে কৃষকদলের ২ সদস্যের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১০ পিএম

চট্টগ্রাম উত্তর জেলা আওতাধীন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, মীরসরাই উপজেলা শাখার অধীনে করেরহাট ইউনিয়ন কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাশেদ ও সদস্য মো. রবিউল হোসেন হৃদয়ের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ উঠেছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।
এ প্রেক্ষাপটে সংগঠনের শৃঙ্খলা রক্ষার স্বার্থে বিষয়টি খতিয়ে দেখার জন্য একটি তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন— উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মো. এমরান হোসেন শামীম, করেরহাট ইউনিয়ন কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি আবুল বশর এবং দপ্তর সম্পাদক আব্দুল গফুর।
অভিযুক্ত দুই সদস্য হলেন— করেরহাট ইউনিয়ন কৃষকদলের নবগঠিত যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রাশেদ ও সদস্য মো. রবিউল হোসেন হৃদয়।
তদন্ত কমিটি আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগৃহীত তথ্য-উপাত্ত ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সদস্য সচিব আবু দাউদ বরাবর দাখিল করবে।
উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল অত্যন্ত গুরুত্বের সাথে নজর রাখছে। সাংগঠনিক ঐক্য, শৃঙ্খলা ও নেতৃত্বের মর্যাদা রক্ষার্থে তদন্ত কমিটি যথাযথভাবে কাজ করবে এবং প্রয়োজনীয় সুপারিশ উপস্থাপন করবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ