প্রকাশ: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৯ পিএম আপডেট: ০৭.০৯.২০২৫ ১২:২৩ PM

সংগৃহীত ছবি
অক্টোবরের শুরুতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন। ইতোমধ্যেই তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করেছে বিসিবি। এই প্রেক্ষাপটে সাবেক অধিনায়ক ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নির্বাচন করার ঘোষণা দিয়েছেন। মাঠে নামার কথা জানিয়েছেন আরেক সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তবে নির্বাচনে দাঁড়াতে চাইলে বর্তমান সভাপতির পদ ছাড়ার আহ্বান জানিয়েছেন তামিম।
গতকাল শনিবার (৬ সেপ্টেম্বর) দেশের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার মনে হয়, উনার রিজাইন করে দেওয়া উচিত। কারণ এর কী গ্যারান্টি আছে যে নির্বাচনটা একেবারেই ফেয়ার হবে? সবচেয়ে ফেয়ার সিদ্ধান্ত হবে উনার পদত্যাগ। যেহেতু উনি একজন সৎ মানুষ, তাই এই পদক্ষেপ নিলে নির্বাচন নিয়ে কোনো অভিযোগের সুযোগ থাকবে না।”
তবে তামিম মনে করেন, বুলবুল চাইলে একটি ইতিবাচক নজির স্থাপন করতে পারেন। “ইলেকশনের এক মাস আগে উনি যদি পদত্যাগ করেন, সেটি হবে একটি দারুণ উদাহরণ। এখন পাঁচ দিন আগে রিজাইন করলে এর কোনো মানে হয় না। কিন্তু এখনই যদি সিদ্ধান্ত নেন, সেটি হবে নতুন ট্রেন্ড।”
এর আগে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেওয়ার পর প্রাণনাশের হুমকির অভিযোগ তুলেছিলেন বুলবুল। সেই আলোচনার রেশ কাটতে না কাটতেই এবার তামিমের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করল নির্বাচনী উত্তাপে।
এদিকে তামিম এবং বুলবুলের প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বেশ সরব হয়ে উঠেছে ক্রিকেট বোদ্ধারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ এই পক্ষে কথা বলছেন তো কেউ অন্য পক্ষে।