
রাজশাহীর মোল্লাপাড়ার মালপাহাড়িয়া আদিবাসী জনগোষ্ঠীর বসতভিটা উচ্ছেদের প্রতিবাদে স্থায়ী পুনর্বাসন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে এবার সামাজিক আন্দোলনে রূপ নিয়েছে।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় সাহেববাজার জিরো পয়েন্টে বিভিন্ন সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী, সবুজ সংহতি রাজশাহী মহানগর, দিনের আলো হিজড়া সংঘসহ বেশ কয়েকটি সংগঠন এবং রাজশাহী মহানগর ও কাশিয়াডাঙ্গা এলাকার মোল্লাপাড়া মালপাহাড়ি আদিবাসী ভুক্তভোগী গ্রামবাসীর যৌথ উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। এ আন্দোলনে রাজশাহী জেলা ও মহানগর সিপিবি, উদীচী ও খেলাঘরও সংহতি জানিয়েছে।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সহ-সভাপতি রাজ কুমার সাও, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, দিনের আলো হিজড়া সংঘের সভাপতি মোহনা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া ও শেখপাড়ায় ভূমিদস্যু সাজ্জাদ আলী জাল দলিল তৈরি করে আদিবাসী সম্প্রদায়ের অন্তত সাতটি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছেন। তারা সকলকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদ করে তাদের ঘরবাড়ি দখলের চেষ্টা চলছে। তবে প্রশাসন এখনো পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেয়নি।
তারা আরও জানান, মোল্লাপাড়ায় আদিবাসীরা প্রায় ৫৩ বছর ধরে বসবাস করছেন। আইন অনুযায়ী ১২ বছর বসবাস করলে দখলসত্ত্ব মালিকানায় পরিণত হয়। বর্তমানে সেখানে ১৬টি পরিবার বসবাস করছে। তারা ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি শৌচাগার ও নলকূপ স্থাপন করেছেন। এমনকি রাজশাহী সিটি করপোরেশনও তাদের এলাকায় অবকাঠামোগত সুবিধা দিয়েছে, যা দীর্ঘদিনের বসবাসের প্রমাণ বহন করে।
মানববন্ধনে দাবি জানানো হয়, আদিবাসীদের উচ্ছেদ থেকে রক্ষা করতে হবে এবং তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানানো হয়।
এর আগে গত শুক্রবার আদিবাসীদের উচ্ছেদ রোধে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি আনুষ্ঠানিকভাবে পাশে দাঁড়িয়েছে।
স্বদেশ প্রতিদিন/এমএম