প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ২:১১ পিএম

সংগৃহীত ছবি
মিয়ানমারের কারাগারে বন্দি গণতন্ত্রপন্থি ৮০ বছর বয়সী নেত্রী অং সান সু চির শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম আরিস।
তিনি জানান, সু চি গুরুতর অসুস্থ। তার হৃদরোগের সমস্যা মারাত্মক পর্যায়ে পৌঁছেছে এবং জরুরি চিকিৎসা প্রয়োজন। খবর ইন্ডিপেন্ডেন্টের।
লন্ডন থেকে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে কিম আরিস বলেন, সঠিক মেডিকেল চেকআপ ছাড়া তার হৃদ্যন্ত্রের অবস্থা বোঝার কোনো উপায় নেই। আমি ভীষণ উদ্বিগ্ন। এমনকি তিনি জীবিত আছেন কি না, সেটিও নিশ্চিতভাবে জানার সুযোগ নেই।
তিনি মিয়ানমারের সেনা সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সু চির অবিলম্বে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে বাইরের কোনো অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞের কাছে চিকিৎসা নেওয়ার সুযোগ দিতে হবে।
উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর থেকে সু চি একাকী কারাবন্দি অবস্থায় আছেন। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলায় তাকে মোট ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মায়ের জীবন সংকটের কথা তুলে ধরে কিম আরিস আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন দ্রুত হস্তক্ষেপ করতে এবং অং সান সু চির মুক্তি নিশ্চিত করতে।
এদিকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোও সু চির কারাবন্দি অবস্থার অমানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।