প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১:১০ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ২:১৯ PM

সংগৃহীত ছবি
চট্টগ্রামের ঐতিহ্যবাহী জশনে জুলুস এবার জনসমুদ্রে পরিণত হয়েছে। নগরীর ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন আলমগীর খানকা থেকে জুলুসের সূচনা হয়।
আজ শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে ৫৪তম জুলুস অনুষ্ঠিত হয়েছে।
দরবারের সিরিকোটের সাজ্জাদানশিন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ (ম জি আ) জুলুসের নেতৃত্ব দিয়েছেন। সঙ্গে ছিলেন হজরত সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ (ম জি আ) ও সৈয়দ মুহাম্মদ মেহমুদ আহমদ শাহ (ম জি আ)।
জুলুসকে ঘিরে কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি থেকেও উৎসাহিত ভক্তরা ভিড় করেছেন। শুরুর আগ থেকেই ষোলশহর, বিবিরহাট, মুরাদপুর, বহদ্দারহাট, দুই নম্বর গেইট ও জিইসি এলাকা জনসমুদ্রে পরিণত হয়। প্রচণ্ড গরম উপেক্ষা করে অংশগ্রহণকারীদের জন্য শরবত, পানি, রুটি, জিলাপি, খেজুর, কলা ও চকলেট দিয়ে আপ্যায়ন করেছেন ভক্তরা।
জুলুসটি হামদ, নাতে রাসূল ও দরুদ পাঠ এবং স্লোগানে মুখরিত ছিল। এবারের আয়োজনের বিশেষ নিয়ম হিসেবে জাতীয় পতাকা ও আনজুমান ট্রাস্টের পতাকা ছাড়া অন্য কোনো পতাকা, ড্রাম সেট, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে।
জুলুসের পথ বিবিরহাট, মুরাদপুর, ষোলশহর, দুই নম্বর গেইট ও জিইসি ঘুরে একই পথে জামেয়া মাদরাসার মাঠে শেষ হবে। সেখানে মাহফিল, জোহর নামাজ এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হবে। পুলিশ ও স্বেচ্ছাসেবকরা জুলুসের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করবেন।
উল্লেখ্য, চট্টগ্রামে জশনে জুলুসের প্রবর্তন হয় ১৯৭৪ সালের ১২ রবিউল আউয়াল। দরবারে আলিয়া কাদেরিয়া সিরিকোট শরিফের তৎকালীন সাজ্জাদানশিন আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রা.) এই জুলুস শুরু করেছিলেন। জুলুসের মধ্য দিয়ে নবিজির প্রতি সম্মান ও বিশ্বশান্তির বার্তা পৌঁছানো হয়।