প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ১২:১৮ পিএম

সংগৃহীত ছবি
রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কার্যালয়ে পুনরায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গণঅধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন জাপার মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। একই সঙ্গে তিনি ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান, না হলে দেশব্যাপী দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।
গতকাল শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি দেন তিনি।
তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যারা দোষী, তাদের শনাক্ত করে গ্রেফতার করা না হলে আমরা দেশব্যাপী শক্তিশালী আন্দোলন শুরু করব। পাশাপাশি গণঅধিকার পরিষদকে তাদের এই সন্ত্রাসী কার্যকলাপের জন্য আমরা নিষিদ্ধ করার দাবি জানাচ্ছি।
হামলার দায়ের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা দেখেছি হামলা গণঅধিকার পরিষদের ব্যানারে হয়েছে। অবশ্যই সেখানে অন্য দলের লোকও থাকতে পারে, তবে ব্যানারটি গণঅধিকার পরিষদের ছিল।
পুলিশের ভূমিকা সম্পর্কে শামীম হায়দার পাটোয়ারী বলেন, পুলিশ যথেষ্ট চেষ্টা করেছে। তবে সেনাবাহিনী থাকলে হয়তো তারা এই হামলা প্রতিহত করতে পারতো। পুলিশের জলকামান আসার আগেই আগুন দেওয়া হয়।
তিনি আরো বলেন, পুলিশ একা এই পরিস্থিতি সব সময় নিয়ন্ত্রণ করতে পারে না, সেনাবাহিনীরও প্রয়োজন আছে।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যা ৭টার পরপর বিক্ষোভকারীদের একটি দল কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করতে চেষ্টা করে। ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনায় পরিস্থিতি উত্তেজিত হয়।
এর আগে, গত ৩০ আগস্টও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একই কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।