প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৩২ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা-৫ (বুড়িচং) সংসদীয় আসনে গণসংযোগ করেছে দলটি। এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইনের নেতৃত্বে বুড়িচং উপজেলার প্রতিটি পাড়া ও গ্রামে চলে এই কর্মসূচি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই গণসংযোগ কার্যক্রম সারা বছর ধরে চলা রুটিন দাওয়াতি কাজের অংশ। এতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের প্রতিনিধি এবং স্থানীয় নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। এবারের নির্বাচনী প্রচারণায় জামায়াতের মূল বার্তা ‘সৎ লোকের শাসন চাই, আল কোরআনের আইন চাই।’
গণসংযোগ চলাকালে কুমিল্লা-৫ আসনের জামায়াত-মনোনীত এমপি প্রার্থী ড. মোবারক হোসাইন বলেন, ‘বুড়িচং উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানকার তরুণ সমাজের জন্য মাদক একটি বড় বাধা। পাশাপাশি অবকাঠামোগত দিক থেকেও এই অঞ্চল অনেক পিছিয়ে।’
তিনি আরও বলেন, ‘আমি নির্বাচিত হলে মাদক, দুর্নীতি ও সব অনৈতিক কাজ দূর করে ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠন করব। একই সঙ্গে বুড়িচংয়ের অবকাঠামোগত উন্নয়নে মাইলফলক তৈরি করব।’
বুড়িচং উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল ওয়াহিদ বলেন, ‘ জনসাধারণ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে। আমাদের লক্ষ্য হলো মানুষের কাছে পৌঁছানো, ইসলামী মূল্যবোধের কথা বলা এবং আসন্ন নির্বাচনের প্রস্তুতি নেওয়া।’
স্বদেশ প্রতিদিন/এমএম