প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ AM

সংগৃহীত ছবি
দুই দশকেরও বেশি সময়ের আন্তর্জাতিক যাত্রার শেষ প্রান্তে দাঁড়িয়ে লিওনেল মেসির প্রতিটি মুহূর্ত এখন ইতিহাস হয়ে উঠছে।
গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ভেনেজুয়েলার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে সেই ইতিহাসে যুক্ত হলো আরেকটি অধ্যায়। বুয়েনস আইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আর্জেন্টিনার জার্সিতে শেষ আনুষ্ঠানিক ম্যাচে নেমে মেসি করলেন জোড়া গোল, পেলেন অগণিত ভালোবাসা আর অশ্রুসিক্ত করতালি। তার নৈপুণ্যে আর্জেন্টিনা জয় পেল ৩-০ ব্যবধানে।
রোসারিওর এই মহাতারকা ম্যাচের শুরু থেকেই ছিলেন কেন্দ্রবিন্দুতে। মাঠে নামার আগে তিন সন্তান থিয়াগো, মাতেও ও সিরোকে সঙ্গে নিয়ে প্রবেশ করেন তিনি। গ্যালারির ৮০ হাজার দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান তাদের নায়ককে। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোও পরিবার-পরিজনের সঙ্গে ভিআইপি বক্স থেকে দেখেছেন সেই আবেগঘন মুহূর্ত।
প্রথমার্ধের ৩৯ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে জুলিয়ান আলভারেজ বক্সে ঢুকে শট না নিয়ে বল বাড়ান মেসির কাছে। ঠাণ্ডা মাথায় চিপ শটে গোল করেন মেসি, স্টেডিয়াম মুহূর্তেই উৎসবে ফেটে পড়ে।
দ্বিতীয়ার্ধে আবারও আলো ছড়ান তিনি। নিকো গঞ্জালেসের ক্রসে লাউতারো মার্টিনেজ হেডে গোল করার পর থিয়াগো আলমাদার সঙ্গে দারুণ বোঝাপড়ায় মেসি সহজ ট্যাপ-ইনে করেন নিজের দ্বিতীয় গোল। চলতি বাছাইপর্বে এটি তার অষ্টম গোল, যা তাকে শীর্ষ গোলদাতা বানিয়েছে।
শুধু গোল নয়, আবেগও বিশেষ করেছে এই রাতকে। ওয়ার্ম-আপ থেকেই চোখে পানি জমে উঠেছিল মেসির। খেলা শেষে বারবার করতালিতে সিক্ত হয়েছেন তিনি। দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফাইনালিসিমা জয়ের পর এই ম্যাচে দেশীয় দর্শকদের সামনে শেষবারের মতো জাদুর ছোঁয়া দিয়ে বিদায় নিলেন তিনি।
আগামী ৯ সেপ্টেম্বর ইকুয়েডরের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে আর্জেন্টিনার বাছাইপর্বের মিশন। তবে মনুমেন্টালের এই রাত দীর্ঘদিন ধরে সমর্থকদের হৃদয়ে অমলিন স্মৃতি হয়ে থাকবে।