প্রকাশ: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ২:৫৩ AM

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা এবং গুরুতর আঘাতের ঘটনার তদন্তে তিন সদস্যের তদন্ত কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
কমিশনের সভাপতি করা হয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আলী রেজাকে। এছাড়া সদস্য হিসেবে থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। কমিশনকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, কমিশন নুরুল হকের ওপর ২৯ আগস্ট সংঘটিত হামলার পেছনে দায়ী ব্যক্তিদের শনাক্ত করবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে সুপারিশ দেবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় বিষয়ে প্রস্তাবনা দাখিল করবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় কমিশনকে সাচিবিক সহায়তাসহ সব ধরনের সহযোগিতা প্রদান করবে। প্রয়োজনে প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত যে কোনো কর্মকর্তাকে কমিশনের কাজে নিয়োজিত করার ক্ষমতাও মন্ত্রণালয়কে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নুরুল হক নুরের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় তার মাথায় গুরুতর আঘাত লাগে এবং নাকের হাড় ভেঙে যায়। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার তাকে আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যেই নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ