প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১১ পিএম

নওগাঁর রাণীনগর উপজেলার বিলবেষ্টিত বিচ্ছিন্ন ইউনিয়ন মিরাটের জনগুরুত্বপূর্ণ একটি রাস্তা দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় রয়েছে। জামালগঞ্জ বাজার থেকে শৈলগাছী পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার দীর্ঘ এই রাস্তার ৩ কিলোমিটার এখনো লাল মাটির কাঁচা রাস্তা। বর্ষা মৌসুমে এ রাস্তায় চলাচল একেবারে দুর্বিষহ হয়ে ওঠে।
এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এলাকাবাসীর উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিলের উপর কাঁচা রাস্তায় আয়োজিত মানববন্ধনে অংশ নেয় এলাকার শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, ভ্যানচালকসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ। মানববন্ধনের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক রাসেল সরকার।
মানববন্ধনে মিরাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী রবিউল ইসলাম বলেন, ‘বর্ষায় হাঁটু পরিমাণ কাদা পেরিয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় ৩০ কিলোমিটার ঘুরে যেতে হয়, যা খুব কষ্টকর। জরুরী রোগী নিয়েও হাসপাতালে যেতে সমস্যা হয়।’
প্রধান শিক্ষক মমতাজ উদ্দিন জানান, এই রাস্তাটি খারাপ হওয়ায় এলাকায় সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ব্যাহত হচ্ছে। ছেলেমেয়েদের ভালো জায়গায় বিয়ের প্রস্তাব আসে না, কৃষকরাও ফসলের ন্যায্য দাম পান না।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাকিবুল হাসান জানান, রাস্তার যে অংশটি পাকা হয়ে নষ্ট হয়েছে, তার মেরামতের কাজ খুব শিগগিরই শুরু হবে। আর মাটির অংশের উন্নয়নের জন্য সংশ্লিষ্ট দপ্তরে চাহিদা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু করা হবে।
এলাকাবাসীর দাবি, এই রাস্তাটি দ্রুত পাকা করা হলে মিরাট ইউনিয়নের মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে এবং এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।
স্বদেশ প্রতিদিন/এমএম