প্রকাশ: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৮ পিএম

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ চার পুলিশ সদস্য ও আরও তিনজনের বিরুদ্ধে যাত্রীকে হয়রানি, মারধর এবং মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) হবিগঞ্জ সদর উপজেলার বড় বহুলা গ্রামের বাসিন্দা এবং হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রসেস সার্ভার মশিউর রহমান জুয়েল এই মামলা দায়ের করেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট এম এ মজিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, মামলায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাজিদুল ইসলাম সোহাগ, নায়েক আরিফুল, কনস্টেবল রবি দাস এবং টিএসআই শাহজালাল ছাড়াও শায়েস্তাগঞ্জ পৌর এলাকার মহলুল সুনাম গ্রামের রাজু মিয়া, শাহ আলম এবং রেল কলোনী এলাকার পলাশ মিয়াকে আসামি করা হয়েছে।
মামলার বিবরনে জানা যায়, গত ১৯ আগস্ট রাতে মশিউর রহমান জুয়েল ঢাকা যাওয়ার উদ্দেশ্যে শায়েস্তাগঞ্জ রেলস্টেশনে যান। উপবন এক্সপ্রেস ট্রেনের সময় রাত ১টা থাকলেও বিলম্ব হওয়ায় তিনি স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় কয়েকজন লোক তার ওপর অতর্কিতে হামলা চালায় এবং তার মানিব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
শোরগোল করলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার না করে উল্টো ফাঁড়িতে নিয়ে গিয়ে মারধর করে এবং গাঁজা ও ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা করে বলে অভিযোগ করেছেন তিনি।
এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
হবিগঞ্জ দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. কামরুল হাসান মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন শায়েস্তাগঞ্জ থানা পুলিশকে।
স্বদেশ প্রতিদিন/কেআইকে