
সংগৃহীত ছবি
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী আন্দোলন মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন ফ্যাসিবাদের সাথে ছিল না।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) নওগাঁর পোরশা কালিনগর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের নসদস্য ও কর্মী সম্মেলনে এসব কথা বলেন তিনি।
পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'ইসলামী আন্দোলন প্রতিহিংসার রাজনীতি করে না। ইসলামী আন্দোলন এককভাবে সরকার গঠন করতে চায় না। দেশের সকল দলকে নিয়ে সরকার গঠন করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ নতুন বন্দোবস্তের জন্য কাজ করতে চায়। কিছু দল আছে তাদের নেতারা দুর্নীতি করে আবার কর্মীরা চাঁদাবাজি করেন। আমরা এগুলো চাই না।'
গাজী আতাউর রহমান বলেন, ইসলামী শক্তি সন্ত্রাসী করে না, চাঁদাবাজি করে না। আমরা সকল ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি।' এসময় তিনি তার বক্তব্যে পিআর পদ্ধতিতে নির্বাচনেরও দাবি জানান।
তিনি আরো বলেন, 'অতীতে যারা দেশ শাসন করেছেন তাদের নতুন কিছু বলার নেই। কারণ তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভালো কিছু করতো তাহলে মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবে। আওয়ামী লীগের সবাই খারাপ ছিল না। কোনো ভালো মানুষ যেনো হয়রানির শিকার না হয় সেদিকে সতর্ক থাকতে হবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ সম্মেলনে সভাপতিত্ব করেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) ও মাগুরা জেলা সভাপতি আলহাজ্ব মুফতি মোস্তফা কামাল ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী) মুফতি শেখ নূরুন্নবী।
এছাড়া, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন নওগাঁ জেলার সভাপতি আশরাফুল ইসলাম, পোরশা উপজেলা শাখার সভাপতি মাও: হুজ্জাতুল্লাহ শেখ, সহ-সভাপতি তৈয়ব শাহ্, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ শাহ্, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সভাপতি তানজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এসময় মাওলানা গাজী আতাউর রহমান নওগাঁ-১ আসনে ইসলামী আন্দোলন মনোনিত প্রার্থী আব্দুল হকের পক্ষে কাজ করার জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
স্বদেশ প্রতিদিন/শাহো