প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ পিএম

চাঁদপুর সরকারি শিশু পরিবার (বালিকা) ও প্রাক-বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রে ভয়াবহ জনবল সংকট দেখা দিয়েছে। ৩১টি অনুমোদিত পদের মধ্যে মাত্র ৭টি পদে কর্মকর্তা-কর্মচারী কর্মরত থাকায় বাকি ২৪টি পদ শূন্য থাকায় প্রতিষ্ঠান দুটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
বর্তমানে শিশু পরিবারের তত্বাবধায়ক পদে ১ জন, সহকারী তত্বাবধায়ক ১ জন এবং গ্রাজুয়েট শিক্ষক ৫ পদের মধ্যে ২ জন কর্মরত। সহকারী শিক্ষক ৪টি পদ শূন্য থাকায় শিশুদের নিয়মিত ক্লাস ও প্রাইভেট/কোচিং কার্যক্রম বন্ধ। কারিগরি প্রশিক্ষক না থাকায় বৃত্তিমূলক শিক্ষা কার্যক্রমও স্থগিত। মেট্রন কাম-নার্স ও কুকের পদ শূন্য থাকায় আবাসিক শিশুদের স্বাস্থ্যসেবা ও খাবার সরবরাহে সমস্যা দেখা দিয়েছে।
সহকারী তত্বাবধায়ক মোঃ আনোয়ার হোসেন বলেন, অল্পসংখ্যক কর্মচারীর ওপর নির্ভর করেও আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে শিক্ষক ও প্রশিক্ষক পদ শূন্য থাকায় শিশুদের পড়াশোনা ও প্রতিযোগিতামূলক শিক্ষার সুযোগ ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তত্বাবধায়ক ছায়েফ উদ্দিন জানান, জনবল সংকটের কারণে শিশুদের দৈনন্দিন জীবনযাত্রা ও প্রশিক্ষণ কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রতি মাসেই উর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রতিবেদন দেই। শূন্যপদে দ্রুত নিয়োগ না হলে কার্যক্রম সচল রাখা কঠিন হয়ে পড়বে।
অভিভাবক ও স্থানীয় সচেতনরা মনে করছেন, শূন্যপদ পূরণ না হলে এতিম ও অসহায় শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা ও ভবিষ্যৎ অনিশ্চিত হবে। তারা দ্রুত জনবল নিয়োগের মাধ্যমে সংকট নিরসনের দাবি জানিয়েছেন।
স্বদেশ প্রতিদিন/এনআর