প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৩৮ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৫:৪৩ PM

সংগৃহীত ছবি
পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) সহকারী শিক্ষা অফিসার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের অন্যতম হোতাকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) মালিবাগে সিআইডির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. জাহিদুল ইসলাম।
তিনি জানান, গ্রেপ্তারকৃত মতিউর রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে সাজেশনের নামে প্রশ্ন সরবরাহ করতেন এবং মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন।
অতিরিক্ত ডিআইজি জাহিদুল ইসলাম বলেন, প্রতারণার মাধ্যমে বিকাশ, নগদ ও রকেট অ্যাকাউন্ট ব্যবহার করে চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আদায় করেছে। এ সংক্রান্ত সব লেনদেনের তথ্য ও প্রমাণ সিআইডির হাতে রয়েছে।
তিনি আরো জানান, টাকা প্রদানকারীদের অনেকেই ইনবক্সে ও কুরিয়ারের মাধ্যমে প্রশ্ন পেয়েছেন। ফেসবুকে বিজ্ঞাপন দেখে তথ্যপ্রযুক্তির সহায়তায় সংশ্লিষ্ট পেজের অ্যাডমিনকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে জামালপুর জেলা থেকে মতিউরকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
তদন্ত ও প্রমাণ বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে, তিনি সরাসরি প্রশ্নফাঁসের সাথে জড়িত। এ ঘটনায় পিএসসির সহকারী পরিচালক সুকর অঞ্জন সমাজদার বাদী হয়ে শেরে বাংলা নগর থানায় মামলা দায়ের করেছেন।
চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করা হয়েছে এবং শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।