প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৯ পিএম

সংগৃহীত ছবি
নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, জোটগতভাবে নির্বাচন করলেও প্রার্থীকে নিজ দলের প্রতীকে ভোট করতে হবে।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধন নিয়ে এ কথা বলেন তিনি।
ইসি সানাউল্লাহ বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। পুলিশ ও র্যাবের পাশাপাশি এখন থেকে সেনা, নৌ, বিমানবাহিনী এবং কোস্টগার্ডও অন্তর্ভুক্ত থাকবেন।
তিনি আরো বলেন, কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে এবং তা নির্বাচনের পাঁচ বছরের মধ্যে প্রমাণিত হলে তার সংসদ সদস্য পদ বাতিল হবে। এছাড়া ‘না’ ভোট কেবল একক প্রার্থী থাকলেই প্রযোজ্য হবে। বিনা ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে না। একই সঙ্গে ফলাফল বাতিলের ক্ষমতা পুনরায় ইসিকে দেওয়া হয়েছে।
সানাউল্লাহ বলেন, ভোটকক্ষে মিডিয়াকর্মীসহ অন্যরা কতক্ষণ অবস্থান করতে পারবেন, তা নির্ধারণের ক্ষমতা প্রিজাইডিং অফিসারকে দেওয়া হয়েছে।
তিনি জানান, কোনো প্রার্থী ভোটারপ্রতি সর্বোচ্চ ১০ টাকা ব্যয় করতে পারবেন। তবে সর্বোচ্চ ২৫ লাখ টাকার বেশি ব্যয় করার সুযোগ নেই।