প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৫৮ AM

ফাইল ছবি
আসন্ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী সব প্রার্থীর জন্য বাধ্যতামূলক ডোপ টেস্টের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মো. মনিরুজ্জামান।
তিনি জানান, দুই দিন আগে প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় শিক্ষার্থীদের দাবি অনুযায়ী ডোপ টেস্টের প্রস্তাব আসে। শিক্ষার্থীদের মতামত পর্যালোচনা করে কমিশনের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
অধ্যাপক মনিরুজ্জামান বলেন, “নির্বাচনের আগে সব যোগ্য প্রার্থীর ডোপ টেস্ট নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ইতিমধ্যে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে।”
এর আগে গত ৩১ আগস্ট প্রার্থীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সুষ্ঠু, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহুল প্রত্যাশিত জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
স্বদেশ প্রতিদিন/এনআর