প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম

ভারতের প্রখ্যাত উর্দু ও হিন্দি কবি, গীতিকার এবং লেখক জাভেদ আখতারের একটি অনুষ্ঠান বাতিল করেছে পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) একাডেমির সদস্য-সম্পাদক নুজহাত জয়নাব সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন। ঘটনাটি পশ্চিমবঙ্গসহ সারাদেশের সংবাদমাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছে।
৩১ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মুম্বাই চলচ্চিত্র অঙ্গনের খ্যাতনামা এই শিল্পীর অনুষ্ঠান হওয়ার কথা ছিল। তবে পশ্চিমবঙ্গের উর্দু ও হিন্দিভাষী আলেম-ওলামারা এ আয়োজনের বিরোধিতা করেন। মুসলিম সমাজের প্রভাবশালী সংগঠন জমিয়ত উলামায়ে হিন্দের কলকাতার দায়িত্বপ্রাপ্ত জিল্লুর রহমান আরিফ এবং ইমামে ইদাইন কারি ফজলুর রহমান এ দাবিতে অগ্রণী ভূমিকা নেন।
পশ্চিমবঙ্গ জমিয়ত উলামায়ে হিন্দের সভাপতি ও তৃণমূল কংগ্রেসের মন্ত্রী মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী জানান, জাভেদ আখতার বড় শিল্পী ও বুদ্ধিজীবী হলেও ইসলামি শরিয়া এবং আল্লাহকে ব্যঙ্গ করার কারণে তাঁর অনুষ্ঠান মেনে নেওয়া যায় না। তিনি বলেন, “উর্দু একাডেমি একটি সরকারি সংস্থা, আর উর্দুর সঙ্গে মুসলমান সমাজের নিবিড় সম্পর্ক। উর্দুভাষীদের মধ্যে ৯৫ শতাংশ মুসলমান, তাঁদের ভাবাবেগে আঘাত দেওয়ার অধিকার কারও নেই।”
তিনি আরও জানান, অনুষ্ঠানের বিরোধিতা করে একাডেমির ভাইস চেয়ারম্যান ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার এমপি নাদিমুল হককে অনুরোধ করা হয়েছিল। কিন্তু তিনি পদক্ষেপ নেননি। পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে অনুষ্ঠানটি বন্ধ হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। মুসলিম সমাজের একাংশ মনে করেন, অনুষ্ঠানের অনুমতি দেওয়া উচিত ছিল। অন্যদিকে হিন্দুত্ববাদী মহল দাবি করছে, এই ঘটনা প্রমাণ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উগ্র ইসলামপন্থীরা রাজ্যের সংস্কৃতি ও ভাষাভিত্তিক ক্ষেত্রের দখল নিচ্ছে। বিজেপি-সমর্থক পঙ্কজ চৌধুরী অভিযোগ করেন, অতীতে সিপিআইএম আমলে যেমন আন্দোলনের মাধ্যমে তসলিমা নাসরিনকে রাজ্য ছাড়তে বাধ্য করা হয়েছিল, তেমনি এবার মমতার আমলে জাভেদ আখতারকে শহরে ঢুকতে দেওয়া হলো না।
জাভেদ আখতার এ প্রসঙ্গে বলেন, “হিন্দু সমাজের একাংশ আমাকে উগ্র মুসলমান ভেবে পাকিস্তানে যেতে বলে, আবার মুসলমান সমাজের একাংশ আমাকে ইসলামবিরোধী ভেবে হিন্দু নাম নিতে বলে। মনে হয়, সম্ভবত আমার চিন্তাভাবনাই সঠিক পথে আছে।”
যদিও অনুষ্ঠান বাতিল নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে, পশ্চিমবঙ্গ উর্দু একাডেমি নতুন তারিখে অনুষ্ঠান হবে কিনা সে বিষয়ে কোনো মন্তব্য করেনি।
স্বদেশ প্রতিদিন/ আরএফ