প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪১ পিএম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, একটি গোষ্ঠী বিভিন্ন অজুহাতে নির্বাচন বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র শুরু করেছে। এ কারণে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ষড়যন্ত্রকারীদের সকল অপতৎপরতা রুখে দিতে হবে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরের ভৈরব নদে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ আয়োজন করে যশোর জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
বেলা সাড়ে ১১টায় শহরের দড়াটানা ভৈরব চত্বর পার্কে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি ইসমাইল হোসেন টেনিয়া।
অধ্যাপক নার্গিস বেগম বলেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের রাজপথের আন্দোলনের ফলে জনগণ সাময়িক মুক্তি পেয়েছে। এখন সবার প্রত্যাশা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। ইতিমধ্যে অন্তর্বর্তী সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে। কিন্তু একটি গোষ্ঠী নানা অজুহাতে এ নির্বাচন বানচালের চেষ্টা করছে। এই ষড়যন্ত্র প্রতিহত না করতে পারলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব হবে না।
তিনি আরও বলেন, জিয়াউর রহমান মৎস্য চাষের জন্য দেশের জলাশয় উন্মুক্ত করেছিলেন যাতে সাধারণ মানুষ মাছ আহরণ করে প্রোটিনের চাহিদা পূরণ করতে পারে। তিনি চেয়েছিলেন, বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হোক। মৎস্যসম্পদ রক্ষায় মৎস্যজীবী দলের এ উদ্যোগ প্রশংসনীয়। বিএনপি সবসময় পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করে আসছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, গোলাম রেজা দুলু, রফিকুল ইসলাম মুল্লুক চাঁদ, আঞ্জুরুল হক খোকন ও মোস্তফা আমির ফয়সাল।
আলোচনাসভা শেষে ভৈরব নদে ৩ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ