প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম

চাঁদপুরে মীম বনফল সুইটস এন্ড পেস্টি শপকে মেয়াদোত্তীর্ণ রসমালাই ও ঘিতে রঙ মেশানোর অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শহরের পুরান বাজারে অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান। অভিযানটি জেলা কার্যালয় ও যৌথ বাহিনী মিলিতভাবে পরিচালনা করে।
অভিযানে প্রতিষ্ঠানটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মেয়াদোত্তীর্ণ রসমালাই এবং ঘিতে রঙ মেশানোর মতো অপরাধ ধরা পড়ে। জরিমানার পর মালিক বাদশা মিয়া পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
এই অভিযান অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার সংরক্ষণের জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। জেলা স্বাস্থ্য পরিদর্শক মো: নজরুল ইসলাম, চাঁদপুর পৌরসভা স্বাস্থ্য পরিদর্শক মো. রাজু মিয়া এবং যৌথ বাহিনীর সদস্যরা অভিযান পরিচালনায় সহায়তা করেন।
অফিস সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত রাখা হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ