
সংগৃহীত ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে। তবে তালিকায় অসঙ্গতির বিষয় ধরা পড়েছে। ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক নুরুল হামিদ ও একই বিভাগের আরেক শিক্ষক রন্টু দাশের নামও দেখা যাচ্ছে। চাকসু নীতিমালা অনুযায়ী শিক্ষকদের ভোটাধিকার নেই।
অপরদিকে, ছেলেদের আবাসিক শহীদ ফরহাদ হোসেন হলে পাঁচ ছাত্রীর নাম অন্তর্ভুক্ত রয়েছে, যারা সবাই পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।
নির্বাচন কমিশন সোমবার (১ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে। তালিকা বিশ্লেষণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।
চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, আমাদের নজরে এসেছে, অসঙ্গতিপূর্ণ নামগুলো সংশোধন করা হবে এবং চূড়ান্ত ভোটার তালিকা ১১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে।
বিভাগপ্রতি ভোটার সংখ্যা : খসড়া তালিকা অনুযায়ী চাকসুতে মোট ভোটার ২৫ হাজার ৮৬৬ জন। এর মধ্যে, নারী ভোটার সংখ্যা ১০ হাজার ৮৪১জন এবং পুরুষ ভোটার সংখ্যা ১৫ হাজার ২৫ জন।
সমাজবিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : সমাজবিজ্ঞান অনুষদভুক্ত রাজনীতিবিজ্ঞান বিভাগে ৮৯৩ জন, অর্থনীতি বিভাগে ৮৯৪ জন, সমাজতত্ত্ব বিভাগে ৭০৪ জন, লোকপ্রশাসন বিভাগে ৮৪৪ জন, যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ৩৭৪ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ৪৪৪ জন, নৃবিজ্ঞান বিভাগে ৪৮০ জন, ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগ ২২৬ জন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগে ভোটার রয়েছে ১৮৭ জন।
ব্যবসায় প্রশাসন অনুষদে ভোটার সংখ্যা : ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ফাইন্যান্স বিভাগে ৮৬১ জন, হিসাববিজ্ঞান বিভাগে ৭০৫ জন, ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগে ৬২২ জন, জনব্যবস্থাপনা বিভাগে ৬৯৬ জন, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগে ৫৮০ , মার্কেটিং বিভাগে ৫৮৭ জন ভোটার রয়েছেন।
জীববিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগ ২৫৯ জন, জীববিজ্ঞান অনুষদভুক্ত জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগ ২২৬ জন, উদ্ভিদবিদ্যা বিভাগে ৪৬৬ জন, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগে ২৮০ জন, আইন বিভাগে ৮০০ জন, ফার্মেসি বিভাগে ২৪৬ জন, মাইক্রোবায়োলজি বিভাগে ২৫৩ জন, মনোবিজ্ঞান বিভাগে ২০৪ জন, মৃত্তিকাবিজ্ঞান বিভাগে ৩০৬ জন, প্রাণিবিদ্যা বিভাগে ৪৮৫ জন শিক্ষার্থী রয়েছেন।
বিজ্ঞান অনুষদে ভোটার সংখ্যা : বিজ্ঞান অনুষদে রসায়ন বিভাগে ৬৩৫ জন, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগে ২০৭ জন, বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউটে ৫০৩ জন, গণিত বিভাগে ৭৫৭ জন, পদার্থবিজ্ঞান বিভাগে ৫৪৯ জন ও পরিসংখ্যান বিভাগে ৭০৬ জন ভোটার রয়েছেন।
প্রকৌশল অনুষদে ভোটার সংখ্যা : প্রকৌশল অনুষদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪৯৮ জন ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ৩৭১ জন ভোটার রয়েছেন।
মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের মেরিন সায়েন্স ইনস্টিটিউটে ২৭৮ জন, ফিশারিজ বিভাগে ১৭১ জন, সমুদ্রবিজ্ঞান বিভাগে ১৬৫ জন ভোটার রয়েছেন।
শিক্ষা অনুষদভুক্ত শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ২৯৫ জন আর আইন অনুষদভুক্ত আইন বিভাগে ভোটার রয়েছেন ৮০০ জন।
এর আগে, ২৮ আগস্ট চাকসু ও হল সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়। আপত্তি জানানোর শেষ সময় ৪ সেপ্টেম্বর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১১ সেপ্টেম্বর, এবং নির্বাচনের দিন ১২ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, ১৯৬৬ সালে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম চাকসু নির্বাচন হয় ১৯৭০ সালে। এরপর থেকে মোট ছয়বার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সর্বশেষ ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি।