নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় প্রাপ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল ও অবস্থান ধর্মঘট পালন করেছেন দ্বীপের বাসিন্দারা। সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা দিয়ে সম্মিলিত সামাজিক সংগঠনের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ঘন্টাব্যাপী সময়ের জন্য সিভিল সার্জন কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে।
অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা হাসপাতালের চিকিৎসক ও নার্স সংকট, শয্যা ও সরাঞ্জমের অভাবে রোগীদের চরম ভোগান্তি দূর করার দাবি জানিয়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে হাতিয়া স্টুডেন্ট ফোরাম, ছাত্রকল্যাণ পরিষদ, হাতিয়া সমিতি-নোয়াখালী, হাতিয়া ফোরাম-বৃহত্তর নোয়াখালীসহ বিভিন্ন সামাজিক সংগঠন একাত্মতা প্রকাশ করে।
শাহ মিজানুল হক মামুন বলেন, “হাতিয়া একটি বিচ্ছিন্ন দ্বীপ। সাত লাখের বেশি মানুষের বসবাস থাকা এই দ্বীপে যুগ যুগ ধরে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়া একটি বাস্তবতা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক-নার্স নেই। ইমারজেন্সি ওয়ার্ডে মালি ও ঝাড়ুদার চিকিৎসা দিয়ে থাকেন। কর্তৃপক্ষ বিষয়গুলোতে কোনো ব্যবস্থা নেননি।”
অ্যাডভোকেট নোমান সিদ্দিক বলেন, “দ্বীপের মানুষের জীবনের কোনো মূল্য নেই। জরুরি অস্ত্রোপচার বা জটিল রোগের চিকিৎসার ব্যবস্থা এখানে নেই। গর্ভবতী মায়েরা নোয়াখালী যাওয়ার পথে মারা যেতে হয়। অধিকাংশ দিন চিকিৎসকও হাসপাতালে থাকেন না। আমরা এর প্রতিকার চাই।”
নোয়াখালীর সিভিল সার্জন ডা. মরিয়ম সিমি বলেন, হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্টাফ সংকট বিষয়ে একাধিকবার চিঠি দিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আজকের কর্মসূচির বিষয়টিও কর্তৃপক্ষকে জানানো হবে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ