প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২০ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৭:৩৩ PM

সংগৃহীত ছবি
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানোর আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নুরকে দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা যে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন, তা দ্রুত সম্পন্ন করে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এবং নুরকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত দেশের বাইরে পাঠানো জরুরি। তার সুস্থ হতে সময় লাগছে এবং পূর্ণাঙ্গ মূল্যায়নের জন্য তাকে দেশের বাইরে নেওয়া দরকার।
তিনি বলেন, নুরকে যে আঘাত করা হয়েছে, তা হত্যার উদ্দেশ্যেই করা হয়েছে, এটা স্পষ্ট। তিনি আগের তুলনায় কিছুটা সুস্থতার দিকে গেলেও এখনো সংকটজনক অবস্থায় আছেন। তার মস্তিষ্কেও আঘাত ও রক্তক্ষরণ হয়েছে। শরীরের যে স্থানগুলোতে আঘাত লেগেছে, সেগুলো অত্যন্ত গুরুতর।
ফখরুল জানান, চিকিৎসকদের সঙ্গে কথা বলে জেনেছি, চিকিৎসায় কোনো ত্রুটি হয়নি, সবকিছু সঠিকভাবে চলছে। এখানে কিছুদিন বিশ্রামের পর তাকে বাইরে নিয়ে গিয়ে পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। বর্তমানে তিনি স্বাভাবিকভাবে খেতে পারছেন না, পাইপের মাধ্যমে তরল খাদ্য গ্রহণ করতে হচ্ছে।
অভ্যুত্থানের পরেও যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের নেতাদের ওপর এভাবে হামলা চালায়, তবে সাধারণ মানুষের ওপর তারা কী করছে তা সহজেই অনুমান করা যায়। এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেন তিনি।
এদিকে, দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান মির্জা ফখরুল ইসলাম। এ সময় তিনি ভিপি নুরের স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার পাশাপাশি তার দ্রুত সুস্থতার জন্য তার চিকিৎসার বিষয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণের জন্য চিকিৎসকদের অনুরোধ জানান।
স্বদেশ প্রতিদিন/শাহো