প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪০ পিএম

সংগৃহীত ছবি
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ডিবেটিং সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে 'ছাত্র সংসদ: প্রত্যাশা ও সম্ভাবনা' শীর্ষক বিশেষ অনুষ্ঠান। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জয়ধ্বনি মঞ্চে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী প্রতিনিধি এবং বিভিন্ন ক্লাবের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় সংসদীয় বিতর্ক। বিতর্কের মোশন ছিল 'ছাত্র সংসদ নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠানে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলবে।' পক্ষ ও বিপক্ষ উভয় দলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন। বিতর্ক শেষে অতিথিদের কাছ থেকে ছাত্র সংসদ নিয়ে তাদের মতামত শোনা হয়।
দ্বিতীয় পর্বে হয় পলিসি বিতর্ক, যেখানে শিক্ষার্থীরা সরাসরি ছাত্র সংগঠনের প্রতিনিধিদের বিভিন্ন প্রশ্ন করেন। এসময় ছাত্রশিবিরের সভাপতি সাদ কবিরের কাছে ৫ আগস্টের পরও ক্যাম্পাসে গুপ্তভাবে রাজনীতি করার কারণ ও পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে জানতে চান শিক্ষার্থীরা। একইভাবে ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিমেল আহমেদকে ‘ট্যাগিং রাজনীতি’ সম্পর্কে প্রশ্ন করা হয়। প্রশ্নোত্তর পর্বে ছাত্রশিবির ও ছাত্রদল উভয় পক্ষের মধ্যে কয়েকবার মৌখিক বাকবিতণ্ডার পরিস্থিতি সৃষ্টি হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক উম্মে ফারহানা, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন এবং লোক প্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ অলি উল্লাহ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সদস্য ঐশ্বর্য সরকার, বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব মো. শওকত জাহান কিবরিয়া, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোছাঃ জান্নাতী বেগম, আইন ও বিচার বিভাগের সাবেক শিক্ষার্থী জেনাস ভৌমিক এবং ক্যারিয়ার ক্লাবের সাবেক সভাপতি নূর আলম নাহিদসহ অনেকে।
স্বদেশ প্রতিদিন/শাহো