প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৭ পিএম

জুলাই হত্যার বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, ‘ বিগত সরকারের হত্যা-গুম, নির্যাতনসহ সব ধরনের অপরাধের বিচারের বিষয়ে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের ন্যায়বিচার করতে হবে।’
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
আসিফ নজরুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। বিচারের গতিও সন্তোষজনক। বিচারকাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা।’
এ সময় গৃহায়ন, গণপূর্ত এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, প্রসিকিউটর গাজী এমএইচ তামিমসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলার বিচারকাজ বর্তমানে বেশ জোরেশোরেই চলছে। এরইমধ্যে একাধিক মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনসহ সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায়ও সাক্ষ্যগ্রহণ প্রায় শেষ পর্যায়ে।
ট্রাইব্যুনাল-১ ও ২-এ এসব কার্যক্রম চলমান চলছে। তবে মূল ভবনের সংস্কার শেষ না হওয়ায় এখন টিনশেডে ট্রাইব্যুনাল-২ এর বিচারকাজ চলছে।
স্বদেশ প্রতিদিন/এমএম