প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৪ AM

সংগৃহীত ছবি
অভিনব কৌশলে প্রতারণা করে ৫৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার মামলায় এক কথিত ‘জ্বীনের বাদশা’ কে গ্রেপ্তার করেছে র্যাব।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ভোলার বোরহানউদ্দিন উপজেলার দক্ষিণ বাসষ্ট্যান্ড ডাইভারসন রোডের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত মো. কামাল উদ্দিন মীর (৪৭) মুসা মীরের ছেলে এবং বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের পদ্মা মনসা গ্রামের বাসিন্দা।
র্যাব-৮ এর ভোলা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার শাহরিয়ার রিফাত অভি জানান, মোহাম্মদ কামাল উদ্দিন মীরসহ অজ্ঞাতনামা কয়েকজন প্রতারক জ্বীনের বাদশাহ সেজে অনলাইনে বিভিন্ন পারিবারিক সমস্যা সমাধান এবং বশীকরণের বিজ্ঞাপন দিয়ে দেশের সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। গত ৭ ফেব্রুয়ারি থেকে ৫ এপ্রিল পর্যন্ত চট্টগ্রামের ফটিকছড়ি থানার মো. দিদারুল আলম (৪০) তাদের সাথে যোগাযোগ করে এবং প্রতারকরা তাকে বশীকরণের মাধ্যমে সমস্যার সমাধানের নামে ৫৩ লাখ ৫ হাজার টাকা হাতিয়ে নেয়। ভুক্তভোগী পরে চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবেদন করলে ফটিকছড়ি থানায় মামলা রুজু হয়।
র্যাব অভিযান চালিয়ে কামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে এবং অন্যান্য প্রতারকদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাবের কর্মকর্তা জানান, দেশের মানুষ ও জানমাল রক্ষায় এবং সন্ত্রাসমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।