প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ২:১৫ AM আপডেট: ০২.০৯.২০২৫ ২:২১ এএম

নির্বাচনে বিঘ্ন না ঘটাতে বিএনপি নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন টুকু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করে কোনো অশুভ ও পরাজিত অপশক্তি যেন জনগণের বহু কাঙ্ক্ষিত আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিঘ্ন ঘটাতে না পারে, সেইজন্য বিএনপির সকল স্তরের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের ইসলামিয়া সরকারি কলেজ মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপির বিশাল বর্ণিল আনন্দ মিছিল উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করে এই দলের নেতাকর্মীদের শিক্ষা দিয়ে গেছেন। সুশৃঙ্খলভাবে দেশের সকল শ্রেণি-পেশা, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার।
তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপির প্রতিনিধি দল দেখা করে জানিয়েছে ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপি সকল প্রকার সহযোগিতা করবে। পাশাপাশি গত বছরের ন্যায় এ বছরও সনাতন ধর্মাবলম্বীদের দুর্গোৎসবে সর্বাত্মক সহযোগিতা করবে, যাতে তারা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দুর্গাপূজা পালন করতে পারেন।
পরে সেখান থেকে জেলা বিএনপির সভাপতি, সাবেক জাতীয় সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল আনন্দ মিছিল বের হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু খোলা ট্রাকে দাঁড়িয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও সাধারণ জনগণ রংবেরঙের গেঞ্জি ও টুপি পরে, ব্যানার-ফেস্টুন নিয়ে, শহীদ জিয়া, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতিকৃতি এবং জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে বাদ্যযন্ত্রের তালে তালে নেচে-গেয়ে আনন্দ মিছিলে অংশ নেন।
আনন্দ মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে বাজার স্টেশন এলাকায় মুক্তির সোপানে গিয়ে শেষ হয়।