প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ১২:৫৪ AM

সংগৃহীত ছবি
দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। প্রতি ভরিতে দাম বেড়েছে এক হাজার ৪৭০ টাকা। এখন থেকে প্রতি ভরি ২২ ক্যারেটের সোনা বিক্রি হবে এক লাখ ৭৫ হাজার ৭৮৮ টাকায়। আজ মঙ্গলবার থেকে সারা দেশে সোনার নতুন এ দর কার্যকর হবে।
গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার এ দাম বৃদ্ধির তথ্য জানায়।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী (পিওর গোল্ড) সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৭ হাজার ৭৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪৩ হাজার ৮২৯ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ১৯ হাজার ৪৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
তবে, অপরিবর্তিত আছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৮১১ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ৬৮৩ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি দুই হাজার ২৯৮ টাকা নির্ধারণ করা হয়।