প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১০:০২ PM

নোবিপ্রবি শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও সৃজনশীল কাজে যুক্ত করার লক্ষ্যে এই সেবাগুলো চালু করা হচ্ছে
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের জীবনযাত্রা আরও সহজ ও আধুনিক করতে গেট-এইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে নোবিপ্রবির পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী এবং গেট-এইড লিমিটেডের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. শাফায়েত উল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য বলেন, “নোবিপ্রবি শিক্ষার্থীদের কষ্ট লাঘব ও সৃজনশীল কাজে যুক্ত করার লক্ষ্যে এই সেবাগুলো চালু করা হচ্ছে। প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নোবিপ্রবিকে স্মার্ট ও ক্যাশলেস ক্যাম্পাসে রূপান্তরিত করার প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চুক্তির মাধ্যমে শিক্ষার্থীরা হলে সাশ্রয়ী মূল্যে ওয়াশিং মেশিন, ভেন্ডিং মেশিন, ইওর ক্যারিয়ার, ইওর শপ এবং লকার সার্ভিস ব্যবহার করতে পারবে। এতে শিক্ষার্থীদের সময় সাশ্রয় হবে এবং তারা পাঠদানে আরও মনোনিবেশ করতে পারবে বলে আশা করা হচ্ছে।”
এদিন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী হলের প্রভোস্ট ড. আবিদুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মো. শিবলুর রহমানসহ শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।