প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১০:১২ পিএম

আবহাওয়া অধিদপ্তর দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ নিয়ে নতুন পূর্বাভাস দিয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কম থাকতে পারে।
মঙ্গলবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু এলাকায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বুধবারের পূর্বাভাসে রংপুর, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
বৃহস্পতিবারের পূর্বাভাসে দেশের সব বিভাগে কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বর্ষণ বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
শুক্রবারের পূর্বাভাসে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। দেশের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ