প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:৩৫ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৪:৪১ PM

সংগৃহীত ছবি
মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ গ্রেপ্তার করেছে।
আজ সোমবার (১ সেপ্টেম্বর) ভোর পাঁচটার দিকে চুয়াডাঙ্গা সদর থানা- পুলিশের একটি দল স্থানীয় রেলস্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে।
ওসি খালেদুর রহমান জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী আশরাফুজ্জামানের বিরুদ্ধে অন্তত পাঁচটি মামলার তথ্য পাওয়া গেছে। মাগুরা সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়েছে। তাকে নেওয়ার জন্য মাগুরা সদর থানা–পুলিশের একটি দল চুয়াডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। মাগুরা থেকে পুলিশের দলটি আসার পর আশরাফুজ্জামানের ব্যাগের তালা খুলে দেখা হবে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, আশরাফুজ্জামানকে আনতে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় যাবে।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, “আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলস্টেশনে অবস্থান করছেন। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামানকে গ্রেপ্তার করে সদর থানায় আনা হয়েছে।”
উল্লেখ্য, আশরাফুজ্জামান হিসাম মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ভাই বলে জানা যায়।