প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ৬:১৫ PM

কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং দুর্ঘটনার পর সব ধরনের প্যারাসেলিং কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।
গত শনিবার (৩০ আগস্ট) প্রেসিডেন্ট বিচ পয়েন্ট এলাকায় ‘স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস’-এর পরিচালিত এক রাইডে নিয়ন্ত্রণ হারিয়ে এক পর্যটক ঝাউগাছে আটকে পড়েন। লাইফ জ্যাকেট পরিহিত ওই পর্যটক দড়িসহ গাছে ঝুলে থাকতে দেখা যায়, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পর্যটক বেশ কিছুক্ষণ গাছে ঝুলে ছিলেন এবং যেকোনো সময় পড়ে যাওয়ার আশঙ্কা ছিল। পরে প্যারাসেলিং কর্মীরা তাকে নিরাপদে উদ্ধার করেন।
এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে বিষয়টি স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করে।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিম খান জানান, “প্যারাসেলিংয়ের সময় ঝাউগাছে আটকে পড়া পর্যটক সুস্থ আছেন। তবে নিয়ম ভঙ্গ করে এসব কার্যক্রম চালানোয় সৈকতের সব প্যারাসেলিং বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, কক্সবাজারে পর্যটকদের কাছে প্যারাসেলিং দীর্ঘদিন ধরেই রোমাঞ্চকর বিনোদন হিসেবে জনপ্রিয় ছিল। তবে যথাযথ নিরাপত্তা ব্যবস্থা ও নিয়ম না মানার কারণে এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ