প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৯:০৯ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ১:২৯ এএম

তিতাসে পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা
কুমিল্লার তিতাসে মো. হুমায়ুন কবির সরকার নামে এক পল্লী চিকিৎসককে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ রবিবার (৩১ আগষ্ট) বিকেলে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের রতনপুর গ্রামে অবস্থিত সরকার ফার্মেসীর স্বত্বাধিকারী পল্লী চিকৎসক মো. হুমায়ুন কবির সরকার কোন ধরনের সার্টিফিকেট ছাড়া ‘ডাক্তার’ লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখা ও নিয়ম বহির্ভূতভাবে রোগীদের এ্যান্টিবায়োটিক লিখে আসছিলেন। এমন অনিয়মের অভিযোগে রবিবার বিকেলের দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করেন।
এ সময়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আলমগীরসহ অভিযানে তিতাস থানার পুলিশ ফোর্স ও আনসার উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার লুবনা বলেন, পল্লী চিকিৎসক হয়ে ডাক্তার লিখে দীর্ঘদিন থেকে রোগী দেখা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।