প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৬:৫৬ পিএম আপডেট: ৩১.০৮.২০২৫ ৭:২৫ PM

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ছাত্র সংসদ নির্বাচনের একটি সম্ভাব্য রোডম্যাপ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদের গঠনতন্ত্র যুক্ত করে সরকারিভাবে গেজেট প্রকাশের পর, ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের পরিকল্পনা জানানো হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম তাঁর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ১১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দেন।
একই দিন সকাল ১১টায় শিক্ষার্থীরা রোডম্যাপ দাবিতে আমরণ অনশনে বসেন। উপাচার্যের ঘোষিত সময়সীমা প্রত্যাখ্যান করে, শিক্ষার্থীরা আলোচনার মাধ্যমে রোডম্যাপে সংশোধন আনতে বাধ্য করেন প্রশাসনকে।
পরবর্তীতে প্রকাশিত চূড়ান্ত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে ছাত্র সংসদের সংবিধি প্রণয়ন করা হবে। এরপর সরকারিভাবে গেজেট প্রকাশের ২ কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশন গঠন এবং পরবর্তী ৩ কর্মদিবসের মধ্যে নির্বাচনী আচরণবিধি তৈরি হবে। এরপর ১৪ কর্মদিবসের মধ্যে ভোটার তালিকা প্রস্তুত, ৫ কর্মদিবসে তফসিল ঘোষণা, ১৪ কর্মদিবসের মধ্যে নির্বাচনী কার্যক্রম এবং পরবর্তী ৭ কর্মদিবসে প্রচার কার্যক্রম সম্পন্ন হবে। গেজেট প্রকাশের পর সর্বোচ্চ ৪৫ কর্মদিবসের মধ্যে, অর্থাৎ সম্ভাব্য ৩০ নভেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার কথা বলা হয়েছে।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “আমরা ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আন্তরিকভাবে কাজ করছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি অবশ্যই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে একটি রোডম্যাপ ঘোষণা করা হয়েছে এবং সরকারিভাবে গেজেট প্রকাশের পর দ্রুততম সময়ে নির্বাচন আয়োজন করা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ