প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৪:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কাহেতুরা গ্রামের ফরজুদ্দিন (৫৭) নামের এক বৃদ্ধ ১৯ দিন ধরে নিখোঁজ রয়েছেন। রবিবার (৩১ আগস্ট) দুপুর পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা তাকে খুঁজে পেতে তৎপর।
পরিবার সূত্রে জানা গেছে, ফরজুদ্দিন ১২ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ করলেও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ বৃদ্ধের ছেলে জাফর নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়রি দায়ের করেছেন।
তিনি বলেন, “যদি কেউ আমার বাবার সন্ধান পায়, দয়া করে জানান। সন্ধানদাতাকে যথাযথ সম্মান দেওয়া হবে।”
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম জানান, নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পেতে চেষ্টা অব্যাহত রয়েছে। কেউ তার সন্ধান পেলে নিকটস্থ থানার সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ