প্রকাশ: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫, ৩:৪৪ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম গ্রামে হোসনেয়ারা বেগম (৩০) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত হোসনেয়ারা সৌদি আরব প্রবাসী ছয়দুর রহমানের স্ত্রী। তাঁর চার বছরের মেয়ে প্রীতি ও তিন বছরের ছেলে লাবিব রয়েছে।
রবিবার (৩১ আগস্ট) দুপুরে সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সকালে দুই শিশুর কান্না শুনে বাড়ির লোকজন দরজা খুলতে চেষ্টা করেন। কিন্তু দরজা ভেতর থেকে আটকানো থাকায় তা ভেঙে প্রবেশ করলে হোসনেয়ারার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন।
প্রতিবেশীরা জানান, হোসনেয়ারা ও তাঁর পরিবারের মধ্যে কোনো ধরনের কলহ ছিল না। স্বামী প্রবাসে থাকায় সন্তানদের নিয়েই তিনি আলাদা থাকতেন।
সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। নিহতের গলায় রশি পেঁচানো ছিল। ভিকটিমের মোবাইল উদ্ধার করা হয়েছে।”
মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ