প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:৩৭ পিএম

সংগৃহীত ছবি
এশিয়া কাপ হকিতে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে বিশ্বকাপ বাছাইপর্ব খেলার সম্ভাবনাও বাঁচিয়ে রেখেছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হয়নি লাল-সবুজের প্রতিনিধিদের।
আজ শনিবার (৩০ আগস্ট) ভারতের বিহারে রাজগির হকি স্টেডিয়ামে চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্টে প্রথম জয় পেয়েছেন রাকিবুল হাসান-আশরাফুল ইসলামরা। সেটিও ৮-৩ ব্যবধানে উড়িয়ে দিয়ে।
নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখার ম্যাচে বাংলাদেশের হয়ে দুটি করে গোল করেছেন মোহাম্মদ আব্দুল্লাহ, রাকিবুল হাসান ও আশরাফুল ইসলামরা। একটি করে করেছেন সোহানুর ও রেজাউল করিম। ম্যাচসেরা হয়েছেন আব্দুল্লাহ।
এদিন ম্যাচ শুরুর চতুর্থ মিনিটে এগিয়ে যায় বাংলাদেশ। গোলটি করেন আব্দুল্লাহ। তবে দ্রুতই সমতায় ফেরে চাইনিজ তাইপে। ১০ মিনিটে প্রতিপক্ষকে সমতায় ফেরান সুং-ইউ। পরে আর কোনো গোল না হলে প্রথম কোয়ার্টার শেষ হয় ১-১ ব্যবধানে। অবশ্য লিড নেওয়ার দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু ১৩ মিনিটের সময় পাওয়া পেনাল্টি কর্নার কাজে লাগাতে পারেননি প্রথম গোলদাতা আব্দুল্লাহ।
দ্বিতীয় কোয়ার্টারেও একটি করে গোল পায় দুই দল। তবে এবার শুরুতেই লিড নেয় চাইনিজ তাইপে। পেনাল্টি কর্নার থেকে গোলটি করেন প্রথম গোলদাতা সুং-ইউ। দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ৪ মিনিট আগে সমতায় ফেরে বাংলাদেশ। প্রথমার্থে সুযোগ কাজে লাগাতে না পারা আব্দুল্লাহর ফিল্ড গোলে।
শেষ দুই কোয়ার্টারে প্রতিপক্ষদের ম্যাচ থেকে ছিটকে দেয় বাংলাদেশ। যার শুরুটা হয় তৃতীয় কোয়ার্টারের ষষ্ঠ মিনিটে। ম্যাচের হিসেবে ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশকে তৃতীয় গোল এনে দেন সোহানুর। গোলের ধারা অব্যাহত রেখে বাংলাদেশের লিড বাড়ান রাকিবুল ও আশরাফুল। এর মধ্যে জোড়া গোল করেন রাকিবুল। আর দলের ষষ্ঠ গোলদাতা আশরাফুল।
শেষ ও চতুর্থ কোয়ার্টারে প্রতিপক্ষ এক গোল কমালেও দুই গোল হজম করে। এ কোয়ার্টারের শুরুটা বাংলাদেশই করে। সপ্তম গোলের নায়ক অধিনায়ক রেজাউল। ৫৬ মিনিটে তার করা পেনাল্টি কর্নারের গোলের উদযাপন শেষ হতে না হতেই দলের অষ্টম গোল করেন আশরাফুল। ৫৮ মিনিটের সেই গোলটি আবার তার দ্বিতীয়। আর শেষ মুহূর্তে ব্যবধান কমান সুং-জেন।
পুল ‘বি’-র শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শক্তিশালী দক্ষিণ কোরিয়া। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। আর শীর্ষ ছয়ের বাকি ৫ দল খেলবে বিশ্বকাপ বাছাই।
এরআগে, মালয়েশিয়ার কাছে ৪-১ গোলে হারে বাংলাদেশ। যার ফলে নিজেদের অস্তিত্ব নিয়ে সংশয়ে পড়েগিয়েছিলো এই লাল-সবুজের প্রতিনিধিরা। তবে আজকের এই জয় অনেকটাই চিন্তামুক্ত করেছে রাকিবুল-সোহানুরদের।