প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৮:২২ পিএম

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী ক্যাম্পে দায়িত্ব পালনকালে নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এক গুরুতর নিরাপত্তা ঝুঁকি সাহসিকতা ও উপস্থিত বুদ্ধির মাধ্যমে সফলভাবে মোকাবিলা করেছেন।
সূত্র জানায়, শনিবার (৩০ আগস্ট) ভোর ৪:৪০ মিনিটে আনুমানিক ৮ জন ডাকাত সরকারি মালামাল ডাকাতির উদ্দেশ্যে বিদ্যুৎ কেন্দ্রের সীমানা প্রাচীর অতিক্রম করে ভেতরে প্রবেশ করার চেষ্টা করে। এ সময় মূল ফটকে দায়িত্বে থাকা আনসার সদস্য মোঃ এনামুল হক দ্রুত পরিস্থিতি অনুধাবন করে ডাকাতদের বাধা দেন।
ডাকাতরা দেশীয় অস্ত্র ও ছুরি/চাকু নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে এলে এনাম জীবনের ঝুঁকি উপেক্ষা করে ২ রাউন্ড শিশা ও ৩ রাউন্ড রাবার বুলেট ছুঁড়ে তাদের ভীত করে। ফলস্বরূপ, সংখ্যায় অধিক ও অস্ত্রে সজ্জিত ডাকাত দল ভয়ে পালিয়ে যায়। কোনো প্রাণহানি বা আহতের ঘটনা ঘটেনি এবং সরকারি মালামাল ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত হয়েছে।
দৈনিক স্বদেশ প্রতিদিনকে জেলা কমান্ড্যান্ট মোঃ আমিনুল ইসলাম (পিপিএম, পিভিএম) জানান, ক্যাম্পে কর্মরত প্লাটুন কমান্ডারকে বিষয়টি সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বশীলতা, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ এবং সাহসিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন হয়েছে, যা প্রশংসার দাবিদার।
স্বদেশ প্রতিদিন/ আরএফ