প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৩৩ পিএম

সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে যোগ দিতে চীন সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার (৩০ আগস্ট) তিনি দেশটির তিয়ানজিন শহরে পৌঁছালে বিনহাই আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে লাল গালিচায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
রোববার থেকে তিয়ানজিনে শুরু হচ্ছে দুদিনব্যাপী এসসিও’র বার্ষিক শীর্ষ সম্মেলন। এতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২০টিরও বেশি দেশের রাষ্ট্রপ্রধান অংশ নিচ্ছেন।
শনিবার বিকেলে মোদিকে বহনকারী বিমানটি তিয়ানজিন বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানান চীনের তথ্য, সম্প্রচার ও শিল্পমন্ত্রী লি লেচেং। এ সময় সাংস্কৃতিক দলের প্রাণবন্ত নৃত্য পরিবেশনা ভারত-চীন সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক হিসেবে তুলে ধরা হয়।
এসসিও সম্মেলনে আঞ্চলিক নিরাপত্তা, বাণিজ্যিক সহযোগিতা, সন্ত্রাসবিরোধী কার্যক্রম ও সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি মোদির দ্বিপাক্ষিক বৈঠকও হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বদেশ প্রতিদিন/ আরএফ