প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:১৯ পিএম

বাংলাদেশ স্কাউটস পিরোজপুর জেলা রোভারের উদ্যোগে গ্রুপ সভাপতি ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সকালে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের অফিসার্স লাউঞ্জে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী এ কর্মশালায় রোভার কার্যক্রমের উন্নয়ন, সংগঠনের শৃঙ্খলা বজায় রাখা, তরুণদের নেতৃত্বগুণ বিকাশ এবং সামাজিক কর্মকাণ্ডে রোভারদের সম্পৃক্তকরণের বিষয়ে নানা দিকনির্দেশনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা রোভার কমিশনার ও সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শেখ রফিকুল ইসলাম, জেলা রোভারের সহ-সভাপতি ও সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়, তেজদাসকাঠি কলেজের অধ্যক্ষ আলমগীর হোসেন, সহ-সভাপতি রোভার অঞ্চল মো. শহিদুল ইসলাম (এলটি) সহ জেলার বিভিন্ন কলেজের রোভার গ্রুপ সভাপতি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বক্তারা বলেন, স্কাউট আন্দোলন শুধু পাঠ্যবইয়ের সীমার মধ্যে নয়; এটি তরুণদের সৃজনশীলতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তোলে। রোভার স্কাউটরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এজন্য প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কার্যকর রোভার গ্রুপ পরিচালনা এবং সভাপতিদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়, গ্রুপভিত্তিক আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।
স্বদেশ প্রতিদিন/কেআইকে