প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:২১ পিএম

জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন, কিন্তু অদম্য ইচ্ছাশক্তি ও অধ্যবসায়ের কাছে হার মানতে হয়েছে শারীরিক সীমাবদ্ধতাকে। চট্টগ্রামের মীরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের সরকার তালুক গ্রামে অবস্থিত জান্নাতুল আবরার বালক-বালিকা হিফজ মাদ্রাসা থেকে পুরো কোরআন শরীফ মুখস্থ করে হাফেজ হয়েছেন দৃষ্টি প্রতিবন্ধী কিশোর সিয়াম।
চোখে দেখতে না পারলেও, কেবল শুনে শুনেই কোরআন শরীফ মুখস্থ করেছে সে। সিয়ামের এই অনন্য অর্জন স্থানীয় মাদ্রাসা কর্তৃপক্ষ, এলাকাবাসী ও ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
মাদ্রাসার শিক্ষকরা জানান, সিয়ামের মতো এক ছাত্রকে হিফজ করানো সহজ ছিল না। কিন্তু তার একাগ্রতা, নিয়মিত অনুশীলন এবং আল্লাহর রহমতেই আজ সে হাফেজে কোরআন হতে পেরেছে। তার সহপাঠী ও শিক্ষকরা এ সাফল্যে গর্বিত।
সিয়ামের বাবা-মা আবেগাপ্লুত হয়ে বলেন, “আমরা কখনো ভাবিনি আমাদের অন্ধ ছেলে কোরআন শরীফ মুখস্থ করতে পারবে। কিন্তু আল্লাহর বিশেষ কৃপায় সে পেরেছে। দোআ করি, সে ইসলামের খেদমতে আরও এগিয়ে যাক।”
সিয়ামের এ অর্জন শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজে প্রতিবন্ধী শিশুদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে—যে ইচ্ছা ও পরিশ্রম থাকলে কোনো বাধাই অতিক্রম করা অসম্ভব নয়।
স্বদেশ প্রতিদিন/ আরএফ