প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৯:০৮ পিএম

‘সাংবাদিকরা নিজেদের বিবেকের কাছে দায়বদ্ধ, কোনো মালিকপক্ষের কাছে নয়’ -এমনটি বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
শুক্রবার (২৯ আগস্ট) বাংলা একাডেমি মিলনায়তনে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে গুম ব্যক্তিদের স্মরণে ‘মায়ের ডাক’ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘জনগণ যদি বিএনপিকে ক্ষমতায় আনে, তাহলে প্রথম কাজ হবে গুম সংস্কৃতি নির্মূল করে একটি আইন প্রণয়ন করা। আমরা এমন একটি বাংলাদেশের অপেক্ষায় আছি, যেখানে আর কোনো ব্যক্তি বা পরিবার গুমের শিকার হয়ে রাস্তায় দাঁড়াবে না।’
তিনি আরও বলেন, ‘লেন্দুপ দর্জির মতো যারা ক্ষমতা ধরে রাখতে গুম ও খুনের মতো অপরাধ করেছে, তাদের এখনও কোনো অনুশোচনা নেই। বরং তারা গণ-অভ্যুত্থানকারীদেরই অপরাধী বানিয়ে অপবাদ দিচ্ছে। বাংলাদেশের জনগণ কিভাবে তাদের ক্ষমা করবে?’
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশে এখন এমন একটি ভয়াবহ পরিস্থিতি চলছে, যা কল্পনাও করা যেত না। সেখানে সকল গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করছে। অথচ এখনো কিছু পক্ষ নির্বাচনের বিষয়টি নিয়ে ধোঁয়াশা সৃষ্টি করছে। দেশের মানুষ দীর্ঘ ১৬ বছর গণতান্ত্রিক নির্বাচনের অধিকার আদায়ে সংগ্রাম চালিয়ে যাচ্ছে।’
এদিন, শহীদ প্রেসিডেন্ট সালাহউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হুমায়ূন কাদের চৌধুরী আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমি মাকে বলেছিলাম- আবার যদি গুম হই, আর লাশ পাওয়া যায়, তাহলে যেন বাবার পাশে কবর দেওয়া হয়।’
গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা গুমের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন এবং এখনও যারা নিখোঁজ আছেন, তাদের খুঁজে বের করে পরিবারে ফিরিয়ে দেওয়ার দাবি জানান গুম কমিশনের কাছে।
‘মায়ের ডাক’ আয়োজিত আন্তর্জাতিক গুম দিবসে আরও উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা, এবং গুম হওয়া ব্যক্তিদের পরিবারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
স্বদেশ প্রতিদিন/এমএম