প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ৩:৪৪ পিএম

বাগেরহাট পৌর শহরের নাগেরবাজার এলাকায় একটি ইলেকট্রিক ও একটি কাসা-পিতলের দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে এই চুরির ঘটনা ঘটে বলে ধারণা করছে স্থানীয়রা।
স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, অজ্ঞাত চোরেরা নাগেরবাজার এলাকার এসকে ইলেকট্রনিক্স দোকানে তালা কেটে
দোকানে থাকা ২৫টি সিলিং ফ্যান, ৩টি ইলেকট্রিক মটর, ৪৫টি সিলিং ফ্যানের খোলা
কয়েল, ৩০টি টেবিল ফ্যানের কয়েলসহ প্রায় দুই লাখ টাকার মালামাল নিয়ে যায়।
এসকে ইলেকট্রনিক্স দোকানের মালিক আলী ইমরান বলেন, ‘দুই দিন দোকান বন্ধ ছিল। বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখি সাটারের তালা কাটা এবং দোকানের মালামাল নেই।’
পাশেই আব্দুর রহিমের কাসা-পিতলের দোকানেও একই অবস্থা দেখা গেছে। দোকান মালিক আব্দুর রহিম জানান, ‘অজ্ঞাত চোরেরা আমার দোকানের তালা কেটে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।’
এ ঘটনায় আব্দুর রহিম বাগেরহাট সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
বাগেরহাট সদর মডেল থানার ওসি মো. মাহামুদ উল-হাসান বলেন, ‘নাগেরবাজার এলাকায় দোকানে চুরির ঘটনায় অভিযোগ পেয়েছি। ঘটনা তদন্তসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’
স্বদেশ প্রতিদিন/এমএম