প্রকাশ: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ১১:৩৫ AM

সংগৃহীত ছবি
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৫-২৬ মৌসুমের গ্রুপ পর্বের ড্র বৃহস্পতিবার (২৮ আগস্ট) মোনাকোয় অনুষ্ঠিত হয়েছে। নতুন লিগ ফরম্যাটে এবার অংশ নেবে ৩৬টি দল, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবে বিশ্বের শীর্ষ ক্লাবগুলো। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) কঠিন গ্রুপে পড়েছে এবং বার্সেলোনা, বায়ার লেভারকুজেন, বায়ার্ন মিউনিখ ও টটেনহ্যামের মতো দলগুলোর সঙ্গে লড়াই করবে।
ড্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ ক্রীড়া সাংবাদিক রেশমিন চৌধুরী এবং পর্তুগিজ সাংবাদিক পেদ্রো পিন্টো। গ্রুপিং কার্যক্রমে অংশ নেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ, এবং সুপারকম্পিউটারে গ্রুপিং পরিচালনা করেন ব্রাজিলিয়ান কিংবদন্তি কাকা।
নতুন ফরম্যাটে প্রাথমিক র্যাংকিং অনুযায়ী চারটি পট তৈরি করা হয়, প্রতিটিতে ৯টি দল রাখা হয়েছে। রাউন্ড রবিন লিগ পর্ব শেষে টেবিলের প্রথম ৮টি দল সরাসরি রাউন্ড অব সিক্সটিনে যাবে। ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো হোম ও অ্যাওয়ে দুই লেগের প্লে-অফ খেলে বাকি আটটি দল শেষ ষোলোতে জায়গা পাবে।
রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির লড়াই এবারও নজর কাড়বে। রিয়াল মাদ্রিদ ঘরের মাঠে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, বেনফিকা, অলিম্পিয়াকোস এবং কাইরাত আলমাহতির সঙ্গে ম্যাচ খেলবে। অন্যদিকে, বার্সেলোনা ঘরের মাঠে পিএসজি, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট, অলিম্পিয়াকোস ও কোপেনহেগেনের সঙ্গে লড়াই করবে। এছাড়া বাকি চারটি ম্যাচ খেলবে চেলসি, ক্লাব ব্রুগা, স্লাভিয়া প্রাগ এবং নিউক্যাসল ইউনাইটেডের মাঠে।
পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি বলেন, “ড্র শেষে চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু হয়ে গেছে, যা সত্যিই অসাধারণ। নতুন ফরম্যাটে বিশ্বের সেরা ক্লাবগুলো প্রতিদ্বন্দ্বিতা করবে, আর আমরা মাঠে নামার জন্য অত্যন্ত উন্মুখ।”
উল্লেখ্য, ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের শুরুর দিন ১৬ সেপ্টেম্বর, আর শেষ ফাইনাল হবে ৩০ মে ২০২৬-এ হাঙ্গেরির পুসকাস অ্যারেনায়। এবারের ফাইনালের সময় ৩ ঘণ্টা এগিয়ে আনা হয়েছে যাতে এশিয়া অঞ্চলের টিভি দর্শক সুবিধা পান।