প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১১:৩৬ পিএম

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় শত্রুতামূলকভাবে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) নাজমুল হাসান সোহাগের বাবা ও চাচার বাগানের ২৭টি আমগাছ রাতের আঁধারে কেটে ফেলা হয়েছে। এর আগেও তার বাবার ২০ শতাংশ জমির বেগুন গাছ একই কৌশলে কেটে দেওয়া হয়েছিল। একের পর এক এমন অমানবিক ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) দিবাগত রাতের কোনো এক সময়ে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কৃষক আব্দুর রহমান ওই গ্রামের বাসিন্দা এবং এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগের বাবা।
আব্দুর রহমান বলেন, “আমরা দুই ভাই মিলে প্রায় ৪ বছর আগে ৭ বিঘা জমিতে বাণিজ্যিকভাবে উন্নতমানের ২৭টি আমগাছের চারা রোপণ করি। সবসময় নিয়মিত পরিচর্যা করছিলাম। হঠাৎ এক রাতে দুর্বৃত্তরা শত্রুতামূলকভাবে সব গাছ কেটে ফেলেছে। গাছগুলোতে ইতোমধ্যে মুকুল আসা শুরু করেছিল। এই বাগান নিয়ে অনেক স্বপ্ন ছিল। কিন্তু রাতের অন্ধকারে এক মুহূর্তে সবকিছু শেষ করে দিল।”
এনসিপি নেতা নাজমুল হাসান সোহাগ এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা কখনো কারও ক্ষতি করিনি। অথচ বারবার আমাদের টার্গেট করা হচ্ছে। কিছুদিন আগে আমাদের বেগুন ক্ষেত নষ্ট করা হয়েছিল, এবার আমবাগান ধ্বংস করা হলো। এর পেছনে কোন উদ্দেশ্য আছে তা আমরা বুঝতে পারছি না।”
তিনি জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান, “খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দোষীদের আটক করে বিচারের আওতায় আনা হবে।”
স্বদেশ প্রতিদিন/ আরএফ