প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ৪:০০ পিএম

যশোর শিক্ষা বোর্ডের ৭ কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক সহকারী হিসাবরক্ষক আব্দুস সালামকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (২৭ আগস্ট) গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। প্রায় চার বছর ধরে আব্দুস সালাম পলাতক ছিলেন।
আলোচিত এদুর্নীতি মামলার তথ্য অনুযায়ী জানা যায়, ২০২১ সালের অক্টোবর মাসে যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে ৯ টি চেক জালিয়াতি করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। এরপর তদন্তের পরিধি বাড়ালে মোট ৩৮টি চেক জালিয়াতি করে পৌনে ৭ কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে। পরে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
এ ঘটনায় শিক্ষা বোর্ডের তৎকালীন চেয়ারম্যান, সচিব ও সহকারী হিসাব রক্ষক আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিকসহ কয়েক জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা দুদক সমন্বিত জেলা কার্যালয় যশোরের তৎকালীন উপ-পরিচালক আল-আমিন ২০২৪ সালের ১৬ অক্টোবর ১১ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।
আসামিরা হলেন- যশোর শিক্ষা বোর্ডের বরখাস্তকৃত হিসাব সহকারী আব্দুস সালাম, ঠিকাদার ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংয়ের মালিক শরিফুল ইসলাম বাবু, শেখহাটি জামরুলতলা এলাকার বাসিন্দা আশরাফুল আলম, পোস্ট অফিসপাড়ার গাজী নূর ইসলাম, বড় বাজার জামে মসজিদ লেনের প্রত্যাশা প্রিন্টিং প্রেসের মালিক রুপালী খাতুন, উপশহর ই-ব্লকের সহিদুল ইসলাম, রকিব মোস্তফা, শিক্ষা বোর্ডের সহকারী মূল্যায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, নিম্নমান সহকারী জুলফিকার আলী, চেক ডেসপাসকারী মিজানুর রহমান ও কবির হোসেন। তবে চার্জশিটে বোর্ডের চেয়ারম্যান ও সচিবকে অব্যাহতি দেয়া হয়।
চলতি বছরের ২০ ফেব্রুয়ারি এ মামলার চার্জশিট গ্রহণ করেন আদালত। এরপর অভিযুক্ত ১১ আসামির বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার সকল আসামি ২০২১ সাল থেকে পলাতক জীবনযাপন করছেন। দীর্ঘদিনের পলাতক জীবন থেকে বাড়িতে ফিরতেই গ্রেফতার হন মামলার প্রধান আসামি সহকারী হিসাবরক্ষক আব্দুস সালাম।
যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাত বলেন, ‘আব্দুস সালাম যশোর শিক্ষাবোর্ডের চেক জালিয়াতির ঘটনায় দায়ের করা স্পেশাল ৯/২৩ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন পলাতক জীবনযাপন করছিলেন। হঠাৎ তাকে নিজ বাড়ি এলাকায় দেখা যায়। গোপন সংবাদের ভিত্তিতে উপশহর ফাঁড়ি পুলিশ গতকাল বুধবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে।’
স্বদেশ প্রতিদিন/এমএম