প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১২:৪১ পিএম

স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়
তেঁতুলিয়ায় ভজনপুরে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক শাখায় ডাকাতির চেষ্টার সময়ে আটক হয়েছেন এক যুবক।
গতকাল বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ সহিদুল হক-কে (২৮) আটক করা হয়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার শুক্রু মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতের খাবারের জন্য ব্যাংক থেকে নিচে নেমে আসেন নাইটগার্ড আনিস। এর কিছুক্ষণ পর ব্যাংকের ভেতরে হঠাৎ লাইটের আলো দেখার সাথে শব্দ শুনতে পান। বিষয়টি সন্দেহ হলে ব্যাংকের ম্যানেজার এবং কর্মকর্তাদের জানিয়ে স্থানীয়দের সঙ্গে যোগাযোগ করে জানান পুলিশকে। এরপর স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে প্রবেশ করে ওই যুবককে আটক করা হয়। আটকের সময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সাথে ব্যাংকের টাকা রাখার ভল্টে ডাকাতির চেষ্টার চিহ্ন দেখতে পান।
ব্যাংকের গার্ড আনিস সাংবাদিকদের জানান, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর লাইট জ্বলতে দেখার সাথে শব্দ শুনতে পাই। এতে ভিতরে একা প্রবেশ করতে সাহস না পেয়ে বিষয়টি সাথে সাথে ব্যাংক ম্যানেজারকে ও কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের জানালে তাদের সহায়তা ভিতরে গিয়ে ওই যুবককে দেখতে পাই।
ভজনপুর ইউপি সদস্য তবিবর রহমান জানান, ধারণা করা হচ্ছে ওই যুবক বিকেলে ব্যাংকে এসে লুকিয়ে ছিল। সবাই বের হলে রাতে সে ডাকাতির চেষ্টা করে।
তেঁতুলিয়া মডেল থানার উপপরিদর্শক (এসআই) আসাদ জানান, ডাকাতির চেষ্টায় এক যুবককে আটক করা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে তদন্তসহ প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।